বাংলা সংবাদ

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় দুই যুবকের তিন মাসের কারাদণ্ড

  দেওয়ানগঞ্জ প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ৮:০৮ এএম প্রিন্ট সংস্করণ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষিজমির মাটি অবৈধভাবে কেটে বিক্রির দায়ে দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার ফলে জমির শ্রেণি পরিবর্তন এবং পাশের সড়কের ক্ষতির বিষয়টিও আদালতের নজরে আসে।

শুক্রবার সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কাউনিয়ারচর গ্রামের ইয়ার আলীর ছেলে রাকিব (২৩) এবং ধুবালিয়াপাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে নাজমুল ইসলাম (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় এস্কেভেটর ব্যবহার করে কৃষিজমির মাটি উত্তোলন ও বিক্রি করে আসছিলেন। শুক্রবার কান্দাপাড়া এলাকায় একই ধরনের কাজ চলাকালে প্রশাসনের অভিযানে তারা হাতেনাতে ধরা পড়েন।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে বলেও তিনি জানান।