জীবনযাত্রা

বকশীগঞ্জে নিখোঁজের ১০ দিন পর উদ্ধার দুই স্কুলছাত্রী ফিরল স্বস্তি

  বকশীগঞ্জ প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ৭:৫৮ এএম প্রিন্ট সংস্করণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১০ দিন আগে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করার পর শনিবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলেন আফসানা আক্তার (১৩) ও আশা মনি (১১)। তারা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চাকরির আশায় এক পরিচিত বান্ধবীর কথায় তারা বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন থানার সমন্বিত অনুসন্ধানের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঢাকার শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় মিরপুরের একটি সরকারি অভ্যর্থনা কেন্দ্র থেকে দুই শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত আফসানার বাবা মো. আল আমিন বলেন, গত ১০ দিন তাদের পরিবারের জন্য ছিল চরম উৎকণ্ঠার। মেয়েকে সুস্থভাবে ফিরে পাওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আশা মনির বাবা এরশাদ আলী বলেন, মেয়েকে ফিরে পাওয়ার পর পরিবারের সবাই স্বস্তি পেয়েছেন। উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য তিনি পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। ঢাকার শাহ আলী থানার সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুন বাড়ি থেকে বের হওয়ার পর দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়। প্রায় ১০ দিনের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে তাদের নিরাপদ প্রত্যাবর্তনে পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।