মেলান্দহ প্রতিনিধি ২৮ জুন ২০২৬ , ৭:৫৫ এএম প্রিন্ট সংস্করণ
জামালপুরের মেলান্দহ উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তী বেগমকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার ভোরে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক শ্রাবন্তী বেগম ওই এলাকার বাসিন্দা হুমায়ুন আহমেদের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে হুমায়ুন আহমেদের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল বলে স্বজনদের দাবি।
রোববার ভোরের দিকে শ্রাবন্তী তার আট মাস বয়সী ছেলে শাওনকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে মা ও শিশুকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে শ্রাবন্তীর জুতা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ঘটনাস্থল থেকে কিছু দূরে শ্রাবন্তীকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধ এবং পরকীয়াজনিত কারণে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলতে রাজি নয় পুলিশ। তাদের ভাষ্য, তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত কারণ জানা যাবে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আটক মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।