বাংলাদেশ

জামালপুরে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৮:০৬ এএম প্রিন্ট সংস্করণ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিলিং ফ্যান মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাজিমুদ্দিন বাবু ফকির (৩০) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জহুরুল ইসলাম ফকিরের ছেলে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রোববার (১৩ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে বাবু ফকির তার ফুফা আব্দুর রহিমের বাড়িতে একটি সিলিং ফ্যান মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এলে গুরুতর আহত হন।

ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

চরপাকেরদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জগলুল পাশা জানান, বাবু ফকির পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তবে অতিরিক্ত আয়ের জন্য তিনি মাঝে মধ্যে বৈদ্যুতিক মেরামতের কাজও করতেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আনার সময় ওই যুবকের মধ্যে কোনো প্রাণচিহ্ন ছিল না। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও নিহতের বাড়ির পরিবেশ।