বকশীগঞ্জ প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ১১:০০ এএম প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ধান উড়ানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকেই দুর্ঘটনাটি ঘটেছে।