জামালপুর জেলা প্রতিনিধি ১৩ অগাস্ট ২০২৬ , ৭:৫১ এএম প্রিন্ট সংস্করণ
জামালপুরে সিএনজি চালকদের জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ এবং নতুন গ্যাস পাম্প স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৬টার দিকে জামালপুর বিসিক শিল্পনগরীর সামনে বাইপাস মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন তারা। প্রায় সাড়ে চার ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি শেষ করেন চালকেরা।
অবরোধের ফলে সকাল থেকেই মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে দীর্ঘ সময় অপেক্ষার পর বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়।
চালকদের দাবি, জামালপুরে সিএনজি চালিত অটোরিকশার সংখ্যা অনেক হলেও গ্যাস নেওয়ার সুযোগ রয়েছে মাত্র একটি পাম্পে। জেলা ও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় পাঁচ হাজার সিএনজি চলাচল করলেও জাবেদ ফিলিং স্টেশন থেকেই মূলত গ্যাস সংগ্রহ করতে হয়।
এ কারণে প্রতিদিন ভোর থেকেই গ্যাস নেওয়ার জন্য চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় কয়েক ঘণ্টা অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় গাড়ি চালানো সম্ভব হয় না। এতে দিনের আয় কমে গিয়ে পরিবার চালাতে সমস্যায় পড়ছেন তারা।
চালক আজিজুল হক বলেন, গ্যাসের অভাবে প্রতিদিন তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। গাড়ি নিয়ে রাস্তায় বের হলেও গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। স্থায়ী সমাধানের দাবিতেই তারা মহাসড়কে অবস্থান নিয়েছেন।
আরেক চালক সাখাওয়াত হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানানো হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, সিএনজি চালকদের সমস্যাগুলো তারা শুনেছেন। গ্যাস সরবরাহের সংকট দূর করার পাশাপাশি নতুন পাম্প স্থাপনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হবে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে অবরোধ প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
চালকদের প্রত্যাশা, প্রশাসনের দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়ন হলে গ্যাস সংকটের পাশাপাশি তাদের দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান হবে।