আইন-বিচার

বকশীগঞ্জে লোকালয়ে শিয়ালের হামলা, নারীসহ আহত ৭

  বকশীগঞ্জ প্রতিনিধি ১১ অগাস্ট ২০২৬ , ৫:০০ পিএম প্রিন্ট সংস্করণ

জামালপুরের বকশীগঞ্জে লোকালয়ে ঢুকে একটি শিয়ালের আক্রমণে নারীসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, সকালে হঠাৎ একটি শিয়াল রবিয়ারচর গ্রামের মতি মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেটি আক্রমণাত্মক আচরণ শুরু করে। পরে বাড়ির আশপাশ ও সড়কে থাকা কয়েকজনের ওপর হামলা চালিয়ে কামড় দেয়।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আহতদের স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিয়ালের কামড়ে আহতরা হলেন—মতি মিয়া (৬০), মর্জিনা বেগম (৪০), বদিউজ্জামান (৬৮), ইজতী বেগম (৪০), ছাহেরা খাতুন (৫০), সামাদ (৩৫) ও মোবারক। তারা সবাই রবিয়ারচর গ্রামের বাসিন্দা।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম জানান, শিয়ালের কামড়ে আহত হয়ে কয়েকজন হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, দিনের বেলায় লোকালয়ের ভেতরে শিয়ালের এমন আক্রমণের ঘটনা এলাকায় উদ্বেগ তৈরি করেছে। শিয়ালের উপদ্রব থেকে মানুষকে নিরাপদ রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।