নগর বার্তা

জামালপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী কার্যালয়ে অস্ত্র ও বোমা ককটেল উদ্ধার

  জামালপুর জেলা প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ১:১২ পিএম প্রিন্ট সংস্করণ

জামালপুর শহরে এক আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকসদৃশ বস্তু এবং বিদেশি মদ জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা অভিযানে কার্যালয়ের দুটি কক্ষ তল্লাশি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যালয়টি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত অফিস হিসেবে পরিচিত।

অভিযানের সময় তালাবদ্ধ কক্ষ খুলতে স্থানীয় এক তালা মিস্ত্রির সহযোগিতা নেওয়া হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি কম্বলের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় দুটি পাইপগান, পাইপগানের গুলি, পিস্তলের গুলি, ছয়টি ককটেল এবং দুটি বোতলে সংরক্ষিত পেট্রোল জব্দ করে পুলিশ।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরকসদৃশ সামগ্রী এবং বিদেশি মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, এসব আলামতের প্রকৃত উৎস, মালিকানা এবং ঘটনার সঙ্গে কারা সম্পৃক্ত—সেসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।