বকশীগঞ্জ প্রতিনিধি ৩ অগাস্ট ২০২৬ , ৬:৪২ এএম প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে র্যাব-১৪। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মো. আমজাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার পলাশতলা এলাকার লালচাপাড়া সড়কে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
র্যাবের তথ্য অনুযায়ী, তল্লাশির সময় সন্দেহভাজন একটি গাড়ি থামানোর চেষ্টা করা হলে এতে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যান। তবে ধাওয়া করে শেরপুর জেলার বাসিন্দা ও সিএনজি চালক মো. আমজাদকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাড়িতে অবৈধ ভারতীয় প্রসাধনী বহনের বিষয়টি স্বীকার করেন বলে জানায় র্যাব।
এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় আয়ুর্বেদিক তেল, স্কিন ক্রিম, ফেসওয়াশসহ মোট ৫ হাজার ৭৭২টি প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে র্যাব।
অভিযান চলাকালে চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি, একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় প্রসাধনী দেশে এনে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং অন্যান্য অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।