বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত। বাংলাদেশের মোট অর্থনীতির বড় অংশই অনানুষ্ঠানিক খাতে এবং এর মধ্যে এসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মন্ত্রী।
রোববার (১২ এপ্রিল) বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে এসএমই বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি এসএমই খাতের উন্নয়নে ৩০০ কোটি টাকার ক্রেডিট হোলসেলিং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা প্রায় ১৫টি ব্যাংক ও ৪টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের কাছে পৌঁছানো হচ্ছে। ভবিষ্যতে এ বরাদ্দ আরও বৃদ্ধি করে ২ হাজার কোটিতে উন্নীত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, এসএমই খাতের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনে বৈচিত্র্য আনা এবং আরও বেশি মানুষকে এ খাতে সম্পৃক্ত করা সম্ভব। এ লক্ষ্যে সরকার সহায়ক ভূমিকা পালন করবে এবং উদ্যোক্তাদের পাশে থাকবে।
মেলা আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।