অভিযোগ

দেওয়ানগঞ্জে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  দেওয়ানগঞ্জ প্রতিনিধি ১৭ জুন ২০২৬ , ৮:০৬ এএম প্রিন্ট সংস্করণ

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ইয়াসমিন আক্তারকে বিয়ে করেন প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন। বিয়ের পর পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার জন্য স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন তিনি। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১ জুলাই রাতে বিরোধের একপর্যায়ে শোভন তার স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে দেন এবং তাকে জ্বলন্ত চুলার দিকে ধাক্কা দিলে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হন ইয়াসমিন। পরে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. দিদারুল ইসলাম রায়ের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় প্রত্যক্ষদর্শী সাক্ষীর অভাব রয়েছে। ন্যায়বিচার পাওয়া যায়নি দাবি করে তিনি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনা জেলায় এবং দণ্ডপ্রাপ্ত শোভনের বাড়ি ময়মনসিংহে। চাকরির কারণে তারা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।