জামালপুর জেলা প্রতিনিধি ৫ জুলাই ২০২৬ , ৮:০০ এএম প্রিন্ট সংস্করণ
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শেষে কেন্দ্রের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগ পাওয়ার পরই তদন্ত দল কলেজে গিয়ে ঘটনাটি খতিয়ে দেখে। তদন্তে কেন্দ্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে পরীক্ষা পরিচালনা কমিটি বাতিলের পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া শুরু করতে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, এ ঘটনার কারণে পরীক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই। শিক্ষা বোর্ড তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তদন্তে আরও জানা গেছে, কেন্দ্র কর্তৃপক্ষ সংরক্ষিত (রিজার্ভ) প্রশ্নপত্রের মধ্য থেকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন বিতরণ করে। এ ঘটনার দায় সম্পূর্ণভাবে কেন্দ্র পরিচালনাকারী কলেজ কর্তৃপক্ষের ওপর বর্তায়।
এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২০২৬ সালের শিক্ষার্থীদের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নপত্র দেওয়া হয়। এতে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রায় ১০০ জন পরীক্ষার্থী ভুল প্রশ্নে পরীক্ষা দেন।
ওই কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন। সব মিলিয়ে কেন্দ্রটিতে প্রায় নয় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।











