বকশীগঞ্জ প্রতিনিধি ২৩ জুন ২০২৬ , ১০:১৩ এএম প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর এলাকা থেকে দুই স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাদের পরিবার। এক সপ্তাহ পার হলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিখোঁজরা হলো গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার (১৩) এবং একই এলাকার স্কুলপড়ুয়া কিশোরী আশা মনি (১১)।
পরিবারের সদস্যরা জানান, গত ১৭ জুন বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর দুই স্কুলছাত্রী আর ফিরে আসেনি। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত দুই স্কুলছাত্রীর অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
স্বজনরা জানান, সন্তানদের খোঁজে গত সাত দিন ধরে তারা বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন। কিন্তু কোনো সূত্র না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে হতাশা ও উদ্বেগ আরও বাড়ছে।
নিখোঁজ আফসানার বাবা মো. আল আমিন বলেন, “আমার মেয়েসহ অপর স্কুলছাত্রী সাত দিন ধরে নিখোঁজ। আমরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। একজন বাবার জন্য এটি অত্যন্ত কষ্টের সময়। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দ্রুত তাদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “নিখোঁজ দুই স্কুলছাত্রীর বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয়েছে। তাদের অবস্থান শনাক্তে পুলিশের টিম কাজ করছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।











