বকশীগঞ্জ প্রতিনিধি ৬ জুলাই ২০২৬ , ৩:২৬ পিএম প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। অপরদিকে ইদ্রিস আলী অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। দণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্ত সবাই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে ভুক্তভোগী নারী শেরপুরের ঝগড়ারচর বাজার থেকে একটি ইজিবাইকে করে বকশীগঞ্জের জানকিপুর এলাকায় নিজের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে ইজিবাইকটি থামিয়ে তাকে জোরপূর্বক একটি ভ্যানে তুলে নেয় কয়েকজন ব্যক্তি। পরে উপজেলার নিলক্ষিয়া উত্তরপাড়ায় একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিন ভুক্তভোগী বকশীগঞ্জ থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারিক কার্যক্রমে মোট নয়জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আদালত এ রায় প্রদান করেন।











