আইন-বিচার

দেওয়ানগঞ্জে মাদক সেবন ও পরিবারের সঙ্গে অসদাচরণ: যুবকের ৩ মাসের কারাদণ্ড

  দেওয়ানগঞ্জ প্রতিনিধি ৩ অগাস্ট ২০২৬ , ৪:৫৪ এএম প্রিন্ট সংস্করণ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন এবং পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ইসমাইল (৩০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল দেওয়ানগঞ্জ পৌরসভার চরভবশুর ঠোটাপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুস সাত্তার ড্রাইভারের ছেলে।

পুলিশ জানায়, নিজ বাড়িতে মাদক সেবনের পর ইসমাইল তার মা ও ভাইয়ের সঙ্গে অশোভন ও উচ্ছৃঙ্খল আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার মা থানায় খবর দেন। পরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও আইনগত অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।